মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে গলায় জ্যান্ত কৈ মাছ আটকে শিমুুল চন্দ্র শীল (৪৫) নামক একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৯ মার্চ) বিকালে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের বজেন্দ্র ডাক্তারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল চন্দ্র শীল ওই বাড়ির মৃত বিরেন্দ্র চন্দ্র শীলের ছেলে। শিমুলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
জানা গেছে, শিমুল এদিন বিকালে মাছ ধরতে নিজ বাড়ির পুকুরে নামে। পানির নিচ থেকে হাত দিয়ে একটি মাঝারি আকারের কৈ মাছ ধরে। একই সময় পায়ের নিচে আরেকটি মাছ চাপা পড়ে। তখন ওই মাছটি ধরার জন্য কৈ মাছটি দাঁত দিয়ে কামড়ে ধরে দু’হাত দিয়ে পায়ের তলায় চাপা পড়া মাছ ধরার চেষ্টা করছিলেন শিমুল।
এ সময় মুখের কৈ মাছটি শিমুলের গলায় ঢুকে আটকে যায়। তাৎক্ষনিক যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। পরে বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে কুমিল্লা নেয়ার পথে শিমুলের মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী জানান, গলায় কৈ মাছ আটকে যাওয়া শিমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে। তিনি বলেন, পরে লোকমুখে জানতে পেরেছি শিমুল মারা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার জানান, রাতেই ধর্মীয় রীতি অনুযায়ী শিমুলের মরদেহ দাহ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
২১ মার্চ, ২০২১।
