মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে অজ্ঞাত গাড়ি ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সি অজ্ঞাত এক নারী মারা গেছেন। সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা এলাকায় আব্দুল আজিজের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এ দিন রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহন হন অজ্ঞাত এই নারী। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তিনি প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
ধারণা করা হচ্ছে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাত এই নারী। এ সময় লোকমুখে শুনা গেছে, দ্রুতগামী একটি সিএনজিচালিত স্কুটারের আঘাতে অজ্ঞাত এই নারী গুরুতর আহত হন। তবে বিষয়টি নিশ্চিত এবং স্কুটারটি কেউ চিহ্নিত করতে পারেনি।
থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. মাসুদ মুন্সী ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে কথা বলেন এবং তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন। এই সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এই নারী মারা গেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, লোকমুখে জানতে পেরেছি একটি সিএনজির (সিএনজিচালিত স্কুটার) ধাক্কায় অজ্ঞাত এই নারী গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে তিনি মারা যান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। খোঁজ-খবর নেয়া হচ্ছে, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
২৫ জানুয়ারি, ২০২২।
