হাজীগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় আনুমানিক ৪২ বছরের অজ্ঞাত এক যুবক মারা গেছে। শনিবার (১২ ডিসেম্বর) ভোরে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের উপজেলার কাঁঠালি গ্রামের খাঁন বাড়ি জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি জামে মসজিদের সামনে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের উপর অজ্ঞাত যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায়। এরপর স্থানীয়রা থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে, রাতে অথবা সকালে অজ্ঞাত গাড়ি চাপায় এই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের মুখমন্ডল রক্তাক্ত ও ফুলে যাওয়া তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি এবং সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিচয় পায়নি পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিষয়টির তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। যদি কেউ তার পরিচয় পেয়ে থাকেন তাহলে ০১৩২০-১১৫৯৯৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
১৩ ডিসেম্বর, ২০২০।