হাজীগঞ্জে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে পূজা উদযাপন পরিষদ

মিথ্যা শ্লীলতাহানীর অভিযোগ এনে ফেসবুকে প্রচার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কতিপয় কুচক্রী মহল হাজীগঞ্জে হিন্দু ধর্মালম্বী পরিবারে ধর্ষণ ও শ্লীলতাহানী অভিযোগ এনে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছে। এসব বিভ্রান্তিকর ও গুজব থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক।
এছাড়া তিনি সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে রোটা. রহিদাস বণিক হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার অফিস কার্যালয়ে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপলোড করে এই অনুরোধ জানান।
রোটা. রুহিদাস বণিক বলেন, হাজীগঞ্জ উপজেলায় নারীর শ্লীলতাহানী ঘটেছে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট পাওয়া গিয়েছে। যা দুঃখের বিষয়। হাজীগঞ্জ উপজেলায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। উপজেলা পূজা উদযাপন পরিষদ, জাতীয় সংগঠন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হিন্দু মহাজোট এই ব্যাপরে অবগত নয়। অতএব সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের ভুয়া খবর থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
ভিডিও ধারণকালে উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. প্রাণ কৃষ্ণ সাহা (মনা) সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

১৭ অক্টোবর, ২০২১।