হাজীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনির গাজীর পক্ষে ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়কুল পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর পক্ষে ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন গাজী। বুধবার (২২ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে অনুষ্ঠিত এক সভায় তিনি নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে এই ভোট কামনা করেন।
এ সময় তিনি বলেন, উপজেলার মধ্যে বড়কুল পশ্চিম ইউনিয়ন ছিল একটি অবেহিলত ইউনিয়ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন করেছে। বিশেষ করে ডাকাতিয়া নদীর উপর বলাখাল-নাটেহরা সেতু নির্মাণ এবং বেলচোঁ বাজার থেকে শমেসপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দৃষ্টিনন্দন পাকাসড়কসহ ইউনিয়নের অন্যান্য কাঁচা সড়কগুলো পাকাকরণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, এছাড়া শতভাগ বিদ্যুতায়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, ছোট-বড় ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিভিন্ন ধরনের ভাতাভোগীর সংখ্যা প্রায় শতভাগকরণসহ উল্লেখযোগ্য উন্নয়ন কাজ করা হয়েছে এবং চলমান রয়েছে। তাই চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মনির হোসেন গাজীকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দেন তিনি।
নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের পরিচালনায় সভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু নাছের সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

২৩ ডিসেম্বর, ২০২১।