হাজীগঞ্জে জমে উঠেছে প্রচার-প্রচারণা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী থেকে শুরু করে সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
বিভিন্ন ইউনিয়নে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে হাট-বাজারসহ পাড়া-মহল্লা। প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গ্রামের প্রতিটি অলিগলি ও রাস্তঘাট। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা।
একই সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তৈরি গানে মাইক ও হ্যান্ড মাইকে চলছে প্রচারণা। কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা এবং ভোটারদের কাছে দোয়া আর ভোট ও সমর্থন প্রার্থনা করছেন তারা। এসময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সম্প্রতি কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বড়কুল পূর্ব ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. আহসান হাবিব, স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মজিব, বাকিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রেজাউল করিম (কাজী জসিম) এর সাথে কথা হয়।
তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে বলেন, যদি জনগণ যোগ্য মনে করে, তাহলে আমাদের সমর্থন দেবেন। আমরাও নির্বাচিত হয়ে জনগণকে সাথে নিয়ে উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি জনসেবা নিশ্চিত করবো।
এ দিকে ভোটারদের সাথে কথা হলে, তারা জানান, যোগ্য ও সৎ প্রার্থী এবং আমাদের সুখে-দুঃখে যে পাশে থাকবেন, আমরা তাকেই ভোট দেবো।

১৫ ডিসেম্বর, ২০২১।