হাজীগঞ্জে টিফিনের টাকায় চারাগাছ বিতরণ

হাজীগঞ্জ ব্যুরো
টিফিনের টাকায় সারা দেশে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচির বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে হাজীগঞ্জে চারাগাছ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চারাগাছ বিতরণ করেন।
এদিন দুপুরে থানা চত্বরে উপজেলার ১২টি ইউনিয়নের ১৭টি পূজামন্ডপের জন্য বিনামূল্যে চারাগাছ উপহার দেয়া হয় লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে। এ সময় উপস্থিত সবাই মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে চারাগাছ রোপণ করার শপথ নেন।
চারাগাছ বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাহাঙ্গীর আলম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় সভাপতি কাওসার আলম সোহেল, লাকসাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, অর্থ সম্পাদক নিয়াজ আহমেদ তাসফিন প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, গত ৫ জুলাই থেকে দেশের ৪৪টি জেলায় ভ্রাম্যমাণ ৮১ হাজার ৮৫০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের জমানো টাকায় কেনা চারাগাছ গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেয়া হচ্ছে।
তিনি জানান, প্রতি বছরের মতো এবছরও ১ লাখ চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
২৪ অক্টোবর, ২০২০।