হাজীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভিক্ষুকের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজির আহমেদ (৭০) নামের একজন ভিক্ষুক মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজের রোডের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নজির আহমেদ কচুয়া উপজেলার রহিমানগর এলাকার পৌনশাহী গ্রামের মৃত ইউনুসের ছেলে।
এদিন বিকালে নিহতের পরিবার ও ট্রাক মালিকসহ দুই পক্ষের সমঝোতায় (আপোষ-মিমাংসা) এবং কারো কোন ধরনের অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য লিখিত আবেদন করেন নিহতের পরিবার।
নিহত নজির আহমেদ দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজার এলাকায় ভিক্ষা করে আসছেন। এদিন সকালে বালু মহালের দিকে একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো ড ১১-৭০৬৩) যাওয়ার সময় নজির আহমেদকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, দুই পক্ষের সমঝোতায় (আপোষ-মিমাংসা) এবং কারো কোন ধরনের অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
৭ অক্টোবর, ২০২০।