হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. রুমন বেপারী সুমন (৩৫) ও মো. বেলাল হোসেন (৩৫) নামের ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় নামীয় আরো ৭ ডাকাতসহ অজ্ঞাত ৫/৭ জন পালিয়ে যায়। সোমবার আটকদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দের দিক-নির্দেশনায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাতবাড়িয়া রেলক্রসিং এলাকায় চেকপোস্ট পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় একটি পিকআপ (মিনি ট্রাক) থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে আটক করা হয়।
আটক ডাকাত মো. রুমন বেপারী সুমন ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের হাজি কমর উদ্দিন বেপারী বাড়ির জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে। বর্তমানে সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উপজেলা সদর বসবাস করে। আটক অপর ডাকাত মো. বেলাল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর বাইন্যা বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। বর্তমানে সে একই জেলার সেনবাগ থানার ছ’মুন্সীর বাজার এলাকায় বসবাস করে।
অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাক আহামদ, এসআই মিছবাহুল আলম চৌধুরী, সুফল চন্দ্র সিংহ, এএসআই মো. রেজাউল করিম, ধীমান বড়–য়া, নাজমুল হাছান, মো. ফয়েজ প্রমুখ।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ২০ মিনিটে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাতবাড়িয়া রেলক্রসিং এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এসময় সন্দেহজনক একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতেরা।
পরে পুলিশের বাধায় ডাকাতবাহী পিকআপটি অপর একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পুলিশ ডাকাত দলের সদস্য মো. রুমন বেপারী সুমন ও মো. বেলাল হোসেন আটক করতে সক্ষম হয়। অপর নামীয় ৭ জন ডাকাত ও অজ্ঞাতনামা ৫/৭ জন পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় ও এলাকাবাসীর উপস্থিতিতে পিকআপ থেকে ১টি লোহা ও তালা কাটার একটি কাটার, ৪ টি ধারালো হাসুয়া (কাঁচি/ছুরি)সহ পিকআপটি জব্দ করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং পলাতকদের আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

১১ অক্টোবর, ২০২২।