হাজীগঞ্জে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও সরঞ্জাম ধ্বংস

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং অপর দুইটি ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। রোববার (১৪ আগস্ট) বিকালে তিনি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া ও লাউকরা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে এ দিন (রোববার) বিকালে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হাটিলা পূর্ব ইউনিয়নে বলিয়া ও লাউকরা গ্রামের কৃষি মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষনিক অবৈধ ড্রেজার ব্যবসায়ী মো. নুরু মিয়া নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নগদ ৫০ হাজার জরিমানা আরোপ ও আদায় করেন তিনি। এসময় ড্রেজার মেশিনটি অপসারণের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ড্রেজার মেশিনটি অপসারণ করার অঙ্গীকার করেন মো. নুরু মিয়া।
অপরদিকে একই সময়ে অপর দুইটি ড্রেজারের মালিক ও সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিকের নির্দেশনায় ওই দুইটি ড্রেজারের পাইপ ও অন্যান্য যন্ত্রাংশসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিল ও হাজীগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট, ২০২২।