হাজীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বাড়ি সম্পর্কীয় নাতিন (৭) ও ভাতিজী (৮) কে ধর্ষণের অভিযোগে মো. খলিলুর রহমান (৪৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
এর আগে রোববার রাতে অভিযুক্ত মো. খলিলুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুইটি মামলা (নং- ৯ ও ১০) দায়ের করেন দুই শিশুর মা। খলিল উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড কালচোঁ গ্রামের সেকান্দার আলী বেপারী বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর (শুক্রবার) বিকালে মো. খলিলুর রহমান বাড়ি সম্পর্কীয় শিশু নাতিনকে ফুঁসলিয়ে ওই গ্রামের বকাউল বাড়ির পাশের একটি মাটির ঢেলে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটির হাতে নগদ ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরের দিন শিশুটির পরনের সেলোয়ারে রক্তের দাগ থেকে শিশুটির মা বিষয়টি জানতে পারে।
এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে বাড়ির সম্পর্কীয় অপর শিশু ভাতিজীকে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। গত ১ অক্টোবর (শনিবার) বিকালে ওই শিশুকে বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে খলিলুর রহমান নিজ বাড়ির কবরস্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির হাতে নগদ ৫ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। এরপর দুই শিশুর পরিবার ওই ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনকে বিষয়টি জানালে তিনি হাজীগঞ্জ থানায় জানান। পরে রাতেই অভিযুক্ত মো. খলিলুর রহমানের বিরুদ্ধে দুই শিশুর মা নারী ও শিশু দমন নির্যাতন আইনে দুইটি পৃথক মামলা দায়ের করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিযুক্ত মো. খলিলুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও চাঁদপুর সদর হাসপাতালে দুই শিশুর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

১১ অক্টোবর, ২০২২।