স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ভাউরপাড় গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে রাতের আঁধারে গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ জুলাই রাতের আঁধারে। পরে ক্ষতিগ্রস্ত মো. মোস্তফা কামাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। মোস্তফা কামাল গত ১৬ জুলাই পুলিশ সুপার বরাবর মো. মাসুদ আলম বাচ্চুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ২৩ জুলাই রাতের আঁধারে মো. মাসুদ আলম বাচ্চু গাছ কর্তন করেছে বলে ক্ষতিগ্রস্তরা ধারণা করছে।
অভিযোগ সূত্রে ও সরেজমিনে মোস্তফা কামাল জানান, দীর্ঘদিন যাবৎ আমার ছোট ভাই মো. মাসুদ আলম বাচ্চুর সাথে অমার সম্পত্তিগত বিরোধ চলে আসছে। গত ১৬ জুলাই পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর থেকে মো. মাসুদ আলম বাচ্চু আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। গত ২৩ জুলাই গভীর রাতে আমার কয়েকটি ফলের গাছ কেটে ফেলে। শুধু তাই নয় বিভিন্ন সময় সে জোর করে আমার ফলের গাছ থেকে ফল নিয়ে যেতো। তাকে বাঁধা দিতে গেলে সে বাড়ির সব গাছ কেটে ফেলার ও আমার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দেয়।
তিনি জানান, মো. মাসুদ আলম বাচ্চু হাজীগঞ্জ থানায় হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমি কোন উপায় না পেয়ে গত ১৬ জুলাই তার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করি। সেই থেকে সে ক্ষিপ্ত হয়ে হয়ে এসব কাজ করছে।
মোস্তফা কামাল আরো জানান, আমাদের দু’ভাইয়ের টাকায় ৩৫ শতক জমি ক্রয় করি। কিন্তু আমার ছোট ভাই মো. মাসুদ আলম বাচ্চু আমাকে না জানিয়ে নিজের নামে পুরো জায়গা রেজিস্ট্রি করে নেয়। এ নিয়ে আমাদের মাঝে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। পরবর্তীতে এ নিয়ে কয়েকবার ঐ ইউনিয়নের চেয়ারম্যানসহ কিছু গণ্যমান্য লোকদের নিয়ে সালিস করার পর সে স্ট্যাম্পে স্বাক্ষর প্রদানপূর্বক স্বীকারোক্তি দেয় যে, সে আমাকে আমার প্রাপ্য জায়গা লিখে দেবে। কিন্তু সে পরবর্তীতে সে তা’ লিখে দিতে অস্বীকার করে।
এখন মো. মাসুদ আলম বাচ্চু আমাকে এবং আমার পরিবারের লোকজনদের বিভিন্নভাবে হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। মাসুদ আলম বাচ্চুর হুমকি থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মো. মোস্তফা কামাল ও তার পরিবার।
২৬ জুলাই, ২০২০।
