করোনায় জনসমাগম এড়াতে
নবী নোমান
ভিজিএফ’র চাল দুঃস্থ ও গরিব মানুষকে লাইনে দাঁড়িয়ে নেয়ার পরিবর্তে করোনাকালে জনসমাগমের এড়াতে ঘরে-ঘরে নিজ হাতে পৌঁছে দিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরসভার সচেতন নাগরিকরা।
জানা গেছে, সরকার প্রতিবছর ঈদের আগে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দুঃস্থ ও গরিব লোকজনের জন্য জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করছে। কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে এই চাল সংগ্রহ করতো। সেই ধারাবাহিকতায় এবছর পবিত্র ঈদুল আজহার আগে সরকার ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়। সেই হিসেবে ফরিদগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৩শ’ কেজি চাল বরাদ্দ পায়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা থাকায় পৌর মেয়র মাহফুজুল হক পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলদের নিয়ে কার্ডধারীদের ঘরে ঘরে জনপ্রতি ১০ কেজি করে চাল পৌঁছে দিচ্ছেন।
এ ব্যাপারে পৌর মেয়র মাহফুজুল হক বলেন, করোনাকালে মানুষজন যাতে ঘরেই থাকে সেজন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে ভিজিএফ’র চাল কার্ডধারীদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। ইতোপূর্বেও আমি করোনার জন্য বরাদ্দকৃত বিশেষ কর্মসূচির চাল ঘরে-ঘরে গিয়ে বিতরণ করেছি। জনসমাগম ঘটালে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি এই উদ্যোগ গ্রহণ করি।
২৬ জুলাই, ২০২০।
