হাজীগঞ্জে ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান খাঁন বাচ্চু

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের একক প্রার্থী হলেন সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু। আজ বুধবার সকাল ১১টায় কেন্দ্রিয় মনোনয়ন বোর্ড চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের হাতে দলীয় প্রার্থীর মনোনীত কপি তুলে দেয়া হবে।
এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রিয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন বলে মুঠোফোনে জানান আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু। এদিন তৃতীয় ধাপে অনুষ্ঠিত দেশের ৫৯ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু হাজীগঞ্জ পৌরসভার দু’বারের নির্বাচিত সাবেক মেয়র। তিনি উপজেলার বিএনপির সাবেক সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি পৌর বিএনপি সাধারণ সভার মাধ্যমে বিএনপির একক প্রার্থী হিসেবে আব্দুল মান্নান খাঁন বাচ্চুকে সমর্থন দেয়া হয়।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করেন এই রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মূলত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপনের বিরুদ্ধে ভোটযুদ্ধে লড়বেন।
৩০ ডিসেম্বর, ২০২০।