
মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে দুই কার্গো শ্রমিকের মারামারির ঘটনায় ডাকাতিয়া নদী থেকে জাহিদ হাসান (৩৫) নামের এক কার্গো শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত বৃহস্পতিবার সকালে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের আলীগঞ্জ সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি খোকন মজুমদার।
এ ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত মহিউদ্দিন (মাইন উদ্দিন) কে আটক করে। নিহত জাহিদ হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ইসলামগঞ্জ ইউনিয়নের হাটহাজারী গ্রামের আলাউদ্দিন ছেলে। আটক মহিউদ্দীন মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকার বাসিন্দা।
এর আগে এদিন সকাল ৯টার দিকে এমবি মুন্নী আহাদ নামের শাহ সিমেন্ট বোঝাই কার্গোর শ্রমিক জাহিদ হাসান ও মহিউদ্দিনের মারামারির ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে মহিউদ্দিনের ধাক্কায় জাহিদ হাসান নদীতে পড়ে যায়। এ সময় সে এমবি বিউটি অব সুরমা-২ নামক অপর একটি কার্গোর সাথে আঘাত পেয়ে নদীতে তলিয়ে যায় বলে কার্গোর অপর শ্রমিকরা জানান।
পরে অন্য শ্রমিকেরা নদীতে নেমে জাহিদ হাসানকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরিকে খবর দেয় এবং তারা নিখোঁজ জাহিদ হাসানকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা পর চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি খোকন মজমুদার এসে তাদের সাথে যোগ দেন।
এরপর ঘটনাস্থল থেকে প্রায় তিনশ’ গজ দূরে ডুবুরি খোকন মজুমদার নিখোঁজ জাহিদ হাসানের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে যায় এবং মহিউদ্দিনকে আটক করে।
নিহতের সহকর্মী ও এমবি মুন্নী আহাদের বাবুর্চ্চি আবু তাহের বলেন, সকাল নয়টার দিকে মহিউদ্দিন (মাইন উদ্দিন) ও জাহিদ হাসান কাজের মাঝে মারামারি লেগে যায়। এক পর্যায়ে মহিউদ্দিনের ধাক্কায় জাহিদ নদীতে পড়ে যায়। পরে ডুবুরি এসে জাহিদের লাশ উদ্ধার করে।
আটক মহিউদ্দিন জানান, দুপুরের খাবারের তালিকায় কি থাকবে, এ নিয়ে জাহিদ ভাইয়ের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি আমাকে চুরির অপবাদ দেয়। এতে দু’জনের মাঝে ধাক্কাধাক্কি হয় এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে জাহিদ ভাই নদীতে পড়ে যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, জাহিদ হাসানের মরদেহ ময়নাতদন্তে শেষে ওইদিন পরিবারের কাছে হস্তান্তর এবং আটক মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
