মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমৃদ্ধের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক চলচ্চিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায়, দেশকে গড়ে তোলার অঙ্গীকার ভিশন- ২০৪১ বাস্তবায়নে উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ও বলিষ্ট নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের এমন কোন সেক্টর নেই, যেখানে দৃশ্যমান উন্নয়ন হয়নি।
তারা বলেন, দেশের কাক্সিক্ষত সেই উন্নয়নে নারীদের অগ্রাধিকার দিয়েছে সরকার। যার ফলে প্রতিটি সেক্টরে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রয়েছে সবার জন্য সরকারি সুবিধা। বিশেষ করে নারীদের জন্য প্রশিক্ষণ, বিনামূল্যে উপকরণ বিতরণ, ঋণ ও বিভিন্ন ভাতা প্রদান। এর সুফল আপনারা ভোগ করছেন। যারা এখনো সুবিধা গ্রহণ করতে পারেননি তারা উপজেলার দপ্তরগুলোর সাথে যোগাযোগ করবেন।
সমাবেশে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা, সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, ছয়ছিলা সরকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।
ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলম অরুনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।
