হাজীগঞ্জে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নিখোঁজের দুইদিন পর মো. তাজুল ইসলাম নামের ৬০ বছর বয়সি এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) সকালে হাজীগঞ্জ রেল স্টেশনের প্রায় আধা কিলোমিটার পূর্বে রেল ব্রিজ সংলগ্ন কাজিরগাঁও এলাকায় রেললাইন পাশের একটি আকাশমনি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. তাজুল ইসলাম গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত সুলতান ভান্ডারির ছেলে। বর্তমানে তিনি স্ত্রী, তিন ছেলে, পুত্রবধু, নাতি-নাতনিদের নিয়ে বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের মিজি বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন।
নিহতের বড় ছেলে বাবুল জানান, গত সোমবার বিকালে ফুফুর বাড়ি ফেনি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন তার বাবা তাজুল ইসলাম। এরপর থেকে তার কোন খোঁজ নেই। আজ (বুধবার) দুপুরে ফেসবুকের মাধ্যমে জানতে পেরে তিনি ও তার মা রওশন বেগম থানায় এসে তাজুল ইসলামের পরিচয় নিশ্চিত করেন।
তিনি বলেন, বাবার সাথে কারো কোন বিরোধ বা ঝগড়া হয়নি। তিনি কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা নেই। এ সময় তিনি, তার মা ও ছোট ভাই কান্নায় ভেঙে পড়েন।
এদিকে এদিন (বুধবার) দুপুরে নিহত তাজুল ইসলামের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় হাজীগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মীর মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এর আগে এ দিন সকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের রেল ব্রীজ সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে একটি আকাশমনি গাছের ডালে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের দেওয়া খবরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলামিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামের পরিবার অত্যন্ত নিরিহ। তিনি ইটভাটায় ও তার বড় ছেলে শ্রমিকের কাজ করেন। মেঝো ছেলে চট্টগ্রামে শ্রমিকের কাজ এবং ছোট ছেলে ভিক্ষা করে থাকেন। তিনি প্রায় সময় কাউকে কিছু না বলে তার বোনের বাড়ি ফেনিতে বেড়াতে যান, আবার ফিরেও আসেন। একইভাবে সোমবার তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। এরপর থেকে তার কোন খোঁজ নেই।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।

০৯ জুন, ২০২২।