হাজীগঞ্জে পত্রিকা বিলিকারদের খাদ্য সামগ্রী দিলেন ইউএনও

প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দের কৃতজ্ঞতা



মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পত্রিকা বিলিকারদের মধ্যে খাদ্র সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। গতকাল সোমবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিশ্বরোডে ইউএনও নিজে উপস্থিত হয়ে ১৩ জন স্থানীয় পত্রিকা বিলিকারকের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী তুলে দেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি চিড়া, ১ প্যাকেট নুডুলস ও ১টি সাবান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসাইনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, উপজেলার কোন দরিদ্র, অসহায় পরিবার না খেয়ে থাকবে না। সবাইকে ধারাবাহিকভাব খাদ্য সহায়তা দেয়া হবে এবং হচ্ছে। তারপরও যদি কেউ বাদ পড়ে থাকেন, তাহলে আমাকে জানাবেন। আমি তাদের খাদ্য সহায়তা দেয়ার ব্যবস্থা করবো।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সেলফ কোয়ারেন্টাইনে থাকা জনগণের মধ্যে নিম্নআয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যায়। যার মধ্যে পত্রিকার বিলিকারকরা রয়েছেন। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ধারাবাহিকভাবে প্রতিদিন পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়ন ঘুরে নিম্নবিত্ত পরিবারসহ দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।
এদিকে পত্রিকার বিলিকারকদের খাদ্য সহায়তা প্রদান করায় হাজীগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, পত্রিকার এজেন্ট এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা ইউএনও বৈশাখী বড়ুয়ার প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান।