হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সালমান ইবনে জিল্লুর নামের ৩ বছরের এক শিশু মারা গেছে। সোমবার (২২ আগস্ট) বিকালে উপজেলা বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের সাধুর বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির ও বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমানের ছেলে।
জানা গেছে, এদিন বিকালে বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু সালমান। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু সালমান ইবনে জিল্লুর মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও ওই বাড়ির লোকজনসহ বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার আগে শিশু সালমান মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।

২৩ আগস্ট, ২০২২।