হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলার ২৭টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় থানা চত্বরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদ ও পূজামন্ডপ কমিটির সদস্যদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওসি মো. আলমগীর হোসেন রনি।
এরপর সরকারি সিদ্ধান্ত ও নির্দেশনা এবং বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কেন্দ্রিয় ২৬টি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে সভাপতির বক্তব্যে মো. আলমগীর হোসেন রনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও এর বিস্তার প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গা পূজা উদযাপনে পুলিশের ৯টি ভ্রাম্যমাণ টিম কাজ করবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা দায়িত্বশীল হয়ে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করবেন। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি আশংকা দেখা দিলে সাথে সাথে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষনিক ব্যবস্থাগ্রহণ করবো।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুর রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার সচিব মুহাম্মদ নূর আজম শরীফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বনিক ও সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্।
এ সময় পূজামন্ডপ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ পূজামন্ডপের নিহার রঞ্জন হালদার মিলন, বলাখাল চৌধুরী বাড়ি পূজামন্ডপের সুখেন্দ্র রায় চৌধুরী সুন্টি প্রমুখ।
২৪ অক্টোবর, ২০২০।
