ফরিদগঞ্জে ৪০ কেজি ইলিশ জব্দ

রুহুল আমিন খান স্বপন

ইলিশ রক্ষায় চলমান অভিযানের সময় জেলার বিভিন্ন স্থানে চলছে গোপনে ইলিশ বিক্রি। এরকমই প্রায় ৪০ কেজি ইলিশ বিক্রি করতে এনে জনগণের রোষাণলে পড়ে মাছসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ফেলে যাওয়ার মাছগুলো জব্দ করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দায়চারা থেকে রূপসা যাওয়ার সড়কের অভিমুখে গত বৃহস্পতিবার বেলা  ১২টার দিকে স্থানীয় মানুষের সমাগম দেখে এগিয়ে যান। এসময় এক ব্যক্তি ভানগাড়িতে করে ইলিশ বিক্রি করার চেষ্টাকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, ইউনিয়ন কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক মো. আতিক খাঁন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী লিটন ও যুবলীগ নেতা জাকির হোসেনসহ কয়েকজন উপস্থিত হন। এসময় কৌশলে পালিয়ে যায় ওই বিক্রেতা।

পরে মাছগুলো জব্দ করে পুলিশকে সংবাদ দিলে পুলিশের একটি দল এসে সেগুলো থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসা ইলিশের ওজন প্রায় ৪০ কেজি বলে স্থানীয় লোকজন জানায়। পরে পুলিশ সেগুলো এতিমখানায় দিয়ে দেয়ার ব্যবস্থা করেন।

২৪ অক্টোবর, ২০২০।