হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পূর্ব শত্রুতায় অসহায় এক পরিবারের উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ মে) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের বড় বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় স্বামী-স্ত্রীসহ দুইজন গুরুতর আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতরা হলেন- ওই বাড়ির মো. আবুল খায়ের (৫০) ও তার স্ত্রী রৌশনারা বেগম (৩৫)।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন অসহায় ভুক্তভোগী পরিবার। অভিযোগের বিবাদীরা হলেন- একই বাড়ির মো. আবুল কালাম (৫৫), তার স্ত্রী রোকেয়া বেগম (৪৮), ছেলে রাকিব হোসেন (১৯), মেয়ে শিলা আক্তার খুশি (১৮), শিউলী আক্তার (২৫) ও তার স্বামী মুনছুর হোসেন (৩৮) এবং প্রবাসী ছেলে মো. মামুনের স্ত্রী সীমা আক্তার (২৫)।
হাসপাতালে চিকিৎসাধীন রৌশনারা বেগম জানান, পূর্ব শত্রুতায় এই দিন সকালে বিবাদী রাকিব হোসেন পথ আগলে ধরে তাকে ও তার স্বামীকে অযথা গালমন্দ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে সে ঘর থেকে লোহার রড নিয়ে এসে তাকে মারধর করতে তেড়ে আসেন। এ সময় তার স্বামী আবুল খায়ের বাঁধা দিলে রাকিবের বাবা আবুল কালাম, মা রোকেয়া বেগম, বোন খুশি, শিউলী ও তার স্বামী মুনছুর এবং ভাইয়ের স্ত্রী সীমা তাদের উপর অতর্কিত হামলা ও মারধর করেন।
তিনি বলেন, হামলায় ও রডের আঘাতে তার স্বামী আবুল খায়েরের মাথা ফেটে যায়। যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর বিবাদীরা তাকে (রৌশনারা বেগম) কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন এবং রাকিব ও তার বাবা আবুল কালাম তার পরনের কাপড় ও অন্যান্য পোশাক খুলে তাকে শ্লীলতাহানী করেন। পরে ছেলে ও বাড়ির অন্যান্য লোকজন এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
রৌশনারা বেগম আরো জানান, দীর্ঘদিন ধরে বিবাদী আবুল খায়েরের পরিবার তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ বিষয়ে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছেন। এসব বিষয়ে সবশেষ বুধবার সন্ধ্যায় গ্রামে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল। বিষয়টি জানার পর আবুল খায়ের ক্ষিপ্ত হয়ে তারা স্ত্রী, ছেলে, মেয়ে, মেয়ের জামাই ও পুত্রবধূসহ সবাই মিলে তাদের উপর হামলা করেন।
এদিকে বিবাদী আবুল কালাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) চিকিৎসার জন্য গিয়েছেন বলে জানা গেছে। কিন্তু হাসপাতালে তাদের না পাওয়ায় আবুল খায়ের বা তার পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আবুল কালামের পক্ষে তার পরিবারের লোকজন থানায় এসেছেন। অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তীতে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
২৭ মে, ২০২১।
