সাংবাদিক বিপ্লবের বাবার মৃত্যুতে পৌর মেয়রসহ বিভিন্ন মহলের শোক
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সাংবাদিক মুনছুর আহমেদ বিপ্লবের বাবা ও হাজীগঞ্জ পৌরসভা কৃষক লীগের সভাপতি দলিল লিখক মো. আবুল কালাম মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বাদ আছর মরহুমের নিজ গ্রাম পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মরহুম আবুল কালাম মিয়ার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এই দিন ভোর রাতে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরহুম আবুল কালাম মিয়া হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আব্দুল হাকিম মিয়াজীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে আবুল কালাম মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সমবেদনা জানান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, আওয়ামী লীগ ও কৃষক লীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা দলিল লিখক সমিতি ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নেতৃবৃন্দ।
মরহুমের বড় ছেলে সাপ্তাহিক মানবখবরের প্রকাশক ও সম্পাদক মুনছুর আহমেদ বিপ্লব জানান, গত ২৪ অক্টোবর তাঁর বাবা আবুল কালাম মিয়া ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর পিজি হাসপাতালের (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) ভর্তি করানো হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি গত ৩১ অক্টোবর মো. আবুল কালাম মিয়াকে আইসিইউতে নেয়া হয় এবং অবস্থা আশংকাজনক হওয়ায় ওই দিন রাতেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোর রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, দলিল লিখক আবুল কালাম মিয়া হাজীগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি ও পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি এবং উপজেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি দীর্ঘদিন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
১৬ নভেম্বর, ২০২০।
