হাজীগঞ্জে প্রাথমিকের ২ লাখ ৯ হাজার নতুন বই পৌঁছেছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সমমনা সব শিক্ষা প্রতিষ্ঠানে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
মাত্র কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক। নতুন বছরে, নতুন বইয়ের গন্ধ শুঁকে শিক্ষার্থীরা শুরু করবে ২০২০ সালের শিক্ষা কার্যক্রম। সেই লক্ষ্যে ইতোমধ্যে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোসহ সমমনা সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে নতুন পাঠ্যপুস্তক।
সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে শতভাগ পাঠ্যবই তুলে দেন। প্রতি বছরের মতো এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বই বিতরণ উৎসব আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবং নতুন বছরের প্রথম দিনে অর্থ্যাৎ পহেলা জানুয়ারী সারাদেশে মতো হাজীগঞ্জেও উৎসবমুখর পরিবেশে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন এই পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ শিক্ষাবর্ষে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৫০ হাজার সেট নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি সরকারি পিটিআই পরীক্ষণ বিদ্যালয়, প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই), ব্রাক স্কুল ও কিন্ডার গার্টেণ (কেজি স্কুল) সহ মোট ২৩০ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৯ হাজার ১’শ বই পৌঁছানো হচ্ছে।
বেশিরভাগ বিদ্যালয়ে ইতোমধ্যে সব বই (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পৌঁছে গেছে। বাকিগুলোতে ধারাবাহিকভাবে পৌঁছানো হচ্ছে। আগামি সপ্তাহের মধ্যেই শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই পৌছে যাবে বলে জানান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা একেএম মিজানুর রহমান। এরপর প্রাক-প্রাথমিকের বই পৌঁছানো হবে। তাছাড়া প্রাক-প্রাথমিকের জন্য সরকারি বরাদ্দকৃত ১০ হাজার টাকাও পৌঁছানো হয়েছে।
এ বছর উপজেলায় প্রথম শ্রেণির ৮,৮০০ সেটে মোট ২৬,৪০০ বই (প্রতি সেটে ৩টি করে), দ্বিতীয় শ্রেণির ৮,৯০০ সেটে মোট ২৬,৭০০ বই (প্রতি সেটে ৩টি করে), তৃতীয় শ্রেণির ৯,০০০ সেটে মোট ৫৪,০০০ বই (প্রতি সেটে ৬টি করে), চতুর্থ শ্রেণির ৮,৮০০ সেটে মোট ৫২,৮০০ বই (প্রতি সেটে ৬টি করে), পঞ্চম শ্রেণির ৮,২০০ সেটে মোট ৪৯,২০০ টি বই (প্রতি সেটে ৬টি করে) সহ সব মিলিয়ে ২,০৯,১০০ বই এসেছে। যা বিদ্যালয়গুলো পৌঁছানো হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে সব শিক্ষা পদ্ধতির মেরুদণ্ড। এরপরই রয়েছে মাধ্যমিক শিক্ষা। তাই সরকার বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তবে শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয়, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকসহ স্ব-স্ব এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে।