হাজীগঞ্জে ফ্রিজকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

তথ্য দিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করুন
—ওসি মো. আলমগীর হোসেন রনি
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও গ্রামে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি মো. আলমগীর হোসেন রনি।
পূর্ব কাজিরগাঁও একতা বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে একতা বয়েজ ক্লাব ১-০ গোলে চ্যাম্পিয়ন এবং রুবেল একাদশ রানার আপ হয়। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার ‘ফ্রিজ’ এবং রানারআপ দলের খেলোয়াড়দের হাতে রানারআপ ট্রফি ও পুরস্কার ‘এলইডি টেলিভিশন’ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন রনি বলেন, খেলাধুলা কিশোর ও যুবদকের মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখে এবং খেলাধুলা শিশু-কিশোরদের মানসিক ও শারিরিক বিকাশে সহযোগিতা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, বলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান সুমন, স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম প্রমুখ। খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিচালনা করেন টুর্নামেন্ট আয়োজক দলের সদস্য রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. কবির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন মো. জামশেদ হোসেন ও শাওন। টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনা করেন মো. রুবেল, মো. রফিক, মো. মোস্তফা, মো. ফয়সাল, মো. শামিম, মো. রাকিব, মো. ইমন, মো. নিরব, মো. মেহেদী, মো. শাওন।
১৭ জানুয়ারি, ২০২১।