মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিনামূল্যে প্রায় ৩ শতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
ও মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তানভির হায়দার চৌধুরী। শনিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্পের মাধ্যমে তিনি এই চিকিৎসা সেবা দেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় তার সন্তান ডা. তানভির হায়দার চৌধুরী এই দিন দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি প্রতিবছর মহান বিজয় দিবস, মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন দিবসে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
ক্যাম্প সূত্রে জানা গেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং মরহুম মুক্তিযোদ্ধা তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর সুযোগ্য সন্তান, ডা. তানভির হায়দার চৌধুরী একুশে হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্প পরিচালনা করেন।
ক্যাম্পে হাড়জোড়া, হাড়ভাঙ্গা, জয়েন্ট পেইন, বাতব্যথা, বিকলাঙ্গ রোগ, জন্মগত হাত-পা বাঁকাসহ অর্থোপেডিক্স ও ট্রমা সংকান্ত সকল রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এ ছাড়াও যে সমস্ত রোগি টাকার অভাবে হাড়ভাঙ্গা অপারেশন করতে পারে নাই এবং কবিরাজের কাছে গিয়ে হাত-পা নষ্ট করেছেন, তাদের স্বল্প খরচে অথবা বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
ক্যাম্প পরিচালনাকালীন সময়ে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৭ জানুয়ারি, ২০২১।
