ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বনফুল এন্ড কোম্পানীসহ তিন প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার আইনে বনফুল এন্ড কোম্পানী, ইত্যাদি স্টোর ও মোল্লা স্টোরকে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসচেতনতার লক্ষ্যে ব্যবসায়ী ও উপস্থিত লোকজনকে ভোক্তা অধিকার আইনের কয়েকটি ধারা উপস্থাপন করে বক্তব্য রাখেন। তাদের স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি, পরিবেশন ও গ্রহণের আহ্বান জানান।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বেলচোঁ বাজারে মূল্য তালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য রাখার অপরাধে ইত্যাদি স্টোরকে নগদ ৫ হাজার টাকা ও মোল্লা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
এরপর হাজীগঞ্জ বাজারে বনফুল এন্ড কোম্পানির শো-রুমে পচাঁ-বাসি খাবার রাখা, মূল্য তালিকা না রাখা ও ঢাকনা ব্যতীত খাবার রাখার অপরাধে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপস্থিত লোকজনকে পরামর্শ দেন তিনি।
