হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে মেহেনুর আক্তার নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রাম এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের মুশফিকুল আলমের ছোট মেয়ে।
জানা গেছে, মুশফিকুল আলম হাজীগঞ্জ পৌরসভাধীন এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। এদিন বিকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু মেহেনুর আক্তার বাথরুমে বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে শিশু মেহেনুর আক্তারকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারের লোকজন পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবারো হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানেও মেহেনুর আক্তারকে মৃত ঘোষণা করা হয়। এদিন (বৃহস্পতিবার) রাতেই গ্রামের বাড়িতে নিহত শিশুর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিশু মৃত্যের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, শিশু মেহেনুর আক্তারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
২৮ মার্চ, ২০২১।