শোকে স্তব্ধ এলাকাবাসী
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বোগদাদ বাস চাপায় নিহত কুমিল্লার তিন যুবকের পরিবারে চলছে আহজারি। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে নিজ বাড়িসহ গোটা এলাকা এবং নিকটাত্মীয়-স্বজনের মাঝে নেমে আসে শোকের ছায়া, স্তব্ধ এলাকাবাসী। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত মো. মনির হোসেন (৩৭), মো. সোহাগ হোসেন (২৮) ও মো. সুজন হোসেন (২৬) বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় নিহতদের মরদেহ এক নজর দেখতে কয়েক শতাধিক লোকের ভিড় জমে। এর আগে শুক্রবার দুপুরে ভ্রমণপিপাসু ৬ বন্ধু ঘুরতে বের হয়ে ৩ বন্ধু বাস চাপায় ঘটনাস্থলে নিহত হয়। জানা গেছে, নিহত মনির হোসেন ইলেকট্রিক মিস্ত্রি। তার অবুঝ দুই শিশু সন্তান রয়েছে। সোহাগ হোসেন ফার্নিচার মিস্ত্রি। তিনি ৯ মাস আগে বিয়ে করেছেন। তার স্ত্রী ৭ মাসের সন্তান সম্ভবা এবং অপর নিহত সুজন অবিবাহিত ছিলেন।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, নিহতরা ছিলেন ভ্রমণ পিপাসু। তারা প্রতি শুক্রবার ৬ বন্ধু মোটরসাইকেল যোগে দূর-দূরান্তে এবং বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায়সহ দর্শনীয় স্থান পরিদর্শন করতেন। এদিন (শুক্রবার) সকালে তারা দুই মোটরসাইকেলযোগে চাঁদপুরের তিন নদীর মোহনা ও মতলবের মোহনপুরে উদ্দেশ্যে ঘুরতে বের হন। পথেই (হাজীগঞ্জে) বাস চাপায় তারা তিনজন মারা যান।
শনিবার দুপুরে তিন বন্ধুর মরদেহ বাড়িতে পৌছালে কান্নায় ভেঙ্গে পড়েন তাদের পরিবারের স্বজনরা। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় তিন পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। সন্তান হারানোর বেদনায় বার বার মূর্ছা যাচ্ছেন মা-বাবারা। এক ছেলে ও এক মেয়ে সন্তানের পিতা মনিরের স্ত্রী যেন বাকরুদ্ধ ও দিশেহারা। দুই অবুঝ সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি কি করবেন, কোথায় যাবেন ?
অপর নিহত সোহাগের সন্তানসম্ভবা স্ত্রী জ্ঞানশূন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক মজনু মিয়া। তার ১৬ বছর বয়সী মেয়েকে হারিয়েছেন প্রায় চার বছর আগে। এখন উপার্জনক্ষম ছেলে সুজনকে হারিয়ে তিনিও জ্ঞানহীন আর বার বার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী। সরেজমিনে ওই এলাকায় গিয়ে কারোর যেন চোখের পানি ধরে রাখার উপায় নেই। এমন ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সিএনজি পাম্প সংলগ্ন এলাকার ভাইয়া সুপার মার্কেটের সামনে বোগদাদ পরিবহনের একটি বাস চাপায় নিহত হন কুমিল্লা জেলার চান্দিনার পৌরসভাধীন ১নং ওয়ার্ড বেলাশ^র এলাকার মৃধা বাড়ির আব্দুল কাদেরের মেঝো ছেলে মনির হোসেন, হাজী বাড়ির তাজুল ইসলামের বড় ছেলে সোহাগ হোসেন ও একই বাড়ির মজনু মিয়ার বড় ছেলে সুজন হোসেন।
০৫ ডিসেম্বর, ২০২১।
