হাজীগঞ্জে বিএম কলিম উল্যাহ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিএম কলিম উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ, পবিত্র ঈদুল আজহা ও বন্যার্ত অসহায় এবং দুঃস্থদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রোববার (২৬ জুলাই) সকালে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভাধীন বিভিন্ন এলাকার লোকদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও লবণ) বিতরণকালে সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এ সময় ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বিএম কলিম উল্যাহ’র ছেলে বিএম আহসান কলিম, জামাতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বিএমএ মহসিন নয়ন, আকবর হোসেন মৃধাসহ ফাউন্ডেশনের অন্যান্য সদসবৃন্দ।
এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী), পুলিশ, সাংবাদিক এবং করোনা আক্রান্ত ও উপসর্গে মৃতদের দাফনে স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী (মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড ও পিপিই) উপহার দেয়া হয়। গত ৭ জুলাই বিএম কলিম উল্যাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে এই সুরক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো- ৪৯০টি অরজিনাল কেএন-৯৫ মাস্ক, ১ হাজার জোড়া (২ হাজার) হ্যান্ড গ্লাভস, ১২০টি ফেস শিল্ড ও ২০টি পিপিই বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০ টি মাস্ক, ১ হাজার গ্লাভস ও ৫০টি ফেস শিল্ড, হাজীগঞ্জ থানায় ১৫০টি মাস্ক, ৫০০ গ্লাভস, ১০টি পিপিই ও ৫০টি ফেস শিল্ড, হাজীগঞ্জ পৌরসভায় ১৫০টি মাস্ক দেয়া হয়।
এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের মাঝে ২০টি মাস্ক ও ২০টি ফেস শিল্ড এবং করোনা আক্রান্ত ও উপসর্গে মৃতদের দাফনে স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের মাঝে ৫০০ গ্লাভস, ২০টি মাস্ক ও ১০টি পিপিই উপহার দেয়া হয়।
উল্লেখ্য, বিএম কলিম উল্যাহ একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা। তিনি একজন সংগঠক ও শিক্ষাবিদ। উপজেলায় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ জামিয়া আহমাদীয়া কাওমী মাদরাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টিতে তাঁর প্রত্যক্ষ অবদান রয়েছে। তার পরিবারের সদস্যদের উদ্যোগে ও অর্থায়নে বিএম কলিম উল্যাহ ফাউন্ডেশন গঠন করা হয়।
ফাউন্ডেশনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে, উপজেলায় বসবাসরত অসহায়, দুঃস্থ ও গরিবদের স্বাস্থ্য, শিক্ষা এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং যে কোন মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কর্মরতদের সহযোগিতা করা। তাই করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং পৌরসভা, হাসপাতাল, পুলিশ, সাংবাদিক এবং করোনা আক্রান্ত ও উপসর্গে মৃতদের দাফনে স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের মাঝে এই সুরক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।
২৬ জুলাই, ২০২০।