হাজীগঞ্জে বিধি-নিষেধ না মানায় ১১ মামলায় ৪২শ’ টাকা জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের বিধি-নিষেধ না মানায় হাজীগঞ্জে ১১টি মামলায় ৪,২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। গত ১ জুলাই থেকে চলমান সর্বাত্মক লকডাউনের তিন দিনে ১১টি মামলায় ১১ জনকে তিনি নগদ এই অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন নিশ্চিতকরণ ও জনসচেতনতার লক্ষ্যে উপজেলা প্রশাসন হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। শনিবার (৩ জুলাই) লকডাউনের বিধি-নিষেধ না মানা, স্বাস্থ্যবিধি না মানসহ মাস্ক পরিধান না করায় ৪ মামলায় ৪ জনকে নগদ ১ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এর আগে গত শুক্রবার (২ জুলাই) লকডাউনের বিধি-নিষেধ না মানায় ৪ মামলায় ৪ জনকে নগদ ২ হাজার ৭০০ টাকা এবং পহেলা জুলাই বৃহস্পতিবার ৩ মামলা ৩ জনকে নগদ ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। এ সময় তিনি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন অলি-গলি পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও পথচারীদের লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

০৪ জুলাই, ২০২১।