হাজীগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে হৃদয় হোসেনর নামের ৮ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মজমুদার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। নিহত হৃদয় হোসেন রাজধানীর কামরাঙ্গীচর এলাকার আব্দুর রহমান বেপারী ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা থেকে পরিবারের লোকজনের সাথে হাজীগঞ্জের ধড্ডা মজুমদার বাড়িতে বেড়াতে আসে হৃদয় হোসেন। আজ বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা ও আত্মীয়-স্বজনসহ বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজা-খুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে হৃদয় হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আলিম নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত শিশুটির মরদেহ থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান জানান, হৃদয় হোসেন নামক শিশুটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহত শিশুর মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯ ডিসেম্বর, ২০২০।