মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভাতা ও শিক্ষা উপবৃত্তি খাতে ৩০ হাজার ৬৫ জন সুবিধাভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হয়ে থাকে প্রায় ২০ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৮৮ জনের বয়স্ক ভাতা বাবদ ৯ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা, ৮ হাজার ৯৬ জনের বিধবা ভাতা ৪ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার টাকা, ৪ হাজার ৯৬ জনের অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ৪ কোটি ৪০ লাখ ৬৪ হাজার টাকা।
৭৪ জনের অনগ্রসর ভাতা ৪ লাখ ৪৪ হাজার টাকা, ১৮৩ জনের বেদে ভাতা ১০ লাখ ৯৮ হাজার টাকা, ১২৯ জনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ ১৫ লাখ ৪৮ হাজার টাকা, ৭০ জনের অনগ্রসর শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ ৮ লাখ ৪০ হাজার টাকা, ২৯ জনের বেদে শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ ২ লাখ ১৬ হাজার টাকাসহ মোট ১৯ কোটি ৬৩ লাখ ১৪ হাজার টাকা সরকারের ব্যয় হয়ে থাকে।
বুধবার (১৫ জুন) হাজীগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সেমিনারে এই তথ্য জানা গেছে। এ দিন ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই প্রতিপাদ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় প্রথম ভাতা কার্যক্রম শুরু করেন। যার ফলে বর্তমানে সরকার সারাদেশে সাড়ে তিন হাজার কোটি টাকা বিতরণ করছে। এর অংশ হিসাবে হাজীগঞ্জ উপজেলায় প্রায় ২০ কোটি বিতরণ হয়ে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি।
এসময় বক্তব্য রাখেন সদর ইউপির চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, হাটিলা পূর্ব ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু ও দ্বাদশগ্রাম ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, মো. নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, একেএম মজিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা।
১৬ জুন, ২০২২।
