মোহাম্মদ হাবীব উল্যাহ্
বাজার তদারকির লক্ষ্যে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে তিনি এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসক এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় হাজীগঞ্জ বাজার এলাকায় তদারকী কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন। এ সময় তিনি কাঁচামাল, মুদি, বেকারী পণ্য ও ডিলারশীপ (পরিবেশক) প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে একটি ডিলারশীপ প্রতিষ্ঠানে সরকার কর্তৃক অননুমোদিত ও নিষিদ্ধ কয়েল বিক্রির অপরাধে নগদ ৫ হাজার টাকা, একটি মুদি দোকানে মূল্য তালিকা না সাঁটানোর কারণে ৫ হাজার টাকা ও একটি বেকারী পণ্যের দোকানে চানাচুরের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য না থাকায় ৪ হাজার টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠানে নগদ ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় জরিমানাপ্রাপ্তসহ অন্যান্য ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান ও সতর্ক এবং বাজার তদকারী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মো. নুর হোসেন। তদারকী কার্যক্রমে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ থানার এসআই মো. ইউনুছ মিয়া ও আব্দুল আজিজ।
১৩ অক্টোবর, ২০২১।
