মোহাম্মদ হাবীব উল্যাহ্
সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ও করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মানাতে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১০ জুলাই) হাজীগঞ্জ বাজার ও বেলচোঁ বাজারসহ আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের বিধি নিষেধ না মানা, স্বাস্থ্যবিধি না মানাসহ মাস্ক পরিধান না করায় ১২ মামলায় ১২ জনকে নগদ ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে যাদের মাস্ক নেই, তাদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন নিশ্চিতকরণ ও করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা প্রশাসন হাজীগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. উজ্জল হোসেন হাজীগঞ্জে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
ভ্রাম্যমাণ আদালতে যারা লকডাউনের বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি মানছেনা এবং যারা মাস্ক পরিধান করছেন তাদেরকে জরিমানা এবং ব্যবসায়ী ও পথচারীদের লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে যাদের মাস্ক থাকে না তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক দেয়া হয়।
জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকেন।
১১ জুলাই, ২০২১।
