হাজীগঞ্জে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে মাদক বিরোধী এলইডি মিনি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মান্নান।
পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন মুন্সীর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, মাদক নিয়ন্ত্রণে সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্যদের এগিয়ে আসতে হবে। পরিবারের কর্তাদের দায়িত্বশীল হতে হবে। সন্তান কোথায় যায়, কার সাথে চলাফেরা করে এবং কার সাথে বন্ধুত্ব, সেদিকে লক্ষ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যার যার ধর্মীয় মূল্যবোধ মেনে চলতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা প্রতি আন্তরিক হতে হবে। সম্পদ নয়, সন্তানকে সু-শিক্ষা দিতে হবে। সু-শিক্ষিত সন্তান, সম্পদ হিসেবে পরিণত হবে। সে সন্তান শুধু পরিবার নয়, একদিন সমাজ তথা রাষ্ট্রের সম্পদ হিসেবে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী মনির হোসেন কাজী। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩নং ওয়ার্ড কমিশনার মাইনুদ্দিন মিয়াজী। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কাঞ্চন মিয়াজী, জামাল হোসেন মিয়াজী ও কবির মজুমদার।
তারেকুল ইসলাম রানার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দল ইউটি স্পোটিং ক্লাব ও রানারআপ দল এফসি ক্রিকেট ক্লাবের নেতৃবৃন্দ ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করেন পলাশ ও সহকারী আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাবলু।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুবকদের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকবাল, কাউছার, হাসান, মাসুদ, নাজমুল ও হোসাইনসহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন দলের খেলোয়াড় ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ৮ দলের অংশগ্রহণে শুরু হয় মাদক বিরোধী এলইডি মিনি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ও উদ্বোধনী খেলা। এরপর প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলার সফল সমাপ্তি ঘটে।