ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা
মোহাম্মাদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় এ পর্যন্ত ৭৭টি মামলায় ৭৭ জনকে ১৪ হাজার ৪শ’ ২০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতকরণে গত ১০ নভেম্বর থেকে উপজেলা প্রশাসন থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তিনি।
এর ধারাবাহিকতায় রোববার (২২ নভেম্বর) দুপুরে পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি মামলায় ১৩ জনকে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় মোট ২ হাজার ৬০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে গত ১৯ নভেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকৃত বিভিন্ন পরিবহনের চালকসহ ১৩ জন যাত্রীকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।
গত ১৮ নভেম্বর উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে ৯ জনকে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা, ১৭ নভেম্বর পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে ১৭ জনকে ৩ হাজার ১শ’ ৬০ টাকা জরিমানা, ১২ নভেম্বর হাজীগঞ্জ বাজারে ১৫ জনকে ৩ হাজার টাকা জরিমানা এবং ১০ নভেম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে ১০ জনকে মোট ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন না মানায় (মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায়) ২০১৮ সালের সংক্রমণ আইনে পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে আসা ১৩জন পথচারীকে নগদ ২ হাজার ৬০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
এ সময় জরিমানাকৃতদের সবাইকে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
২৩ নভেম্বর, ২০২০।
