৪র্থ দিনেও কঠোর অবস্থানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মোহাম্মদ হাবীব উল্যাহ্
সারা দেশের মতো সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনেও হাজীগঞ্জে কঠোর ছিল প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। রোববার (৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ মামলায় ২০ জনকে নগদ ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা ও উপজেলা প্রশাসনের এই অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
এ দিন করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার জন্য সারা দিন উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। তিনি হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাকিলা বাজার, রামচন্দ্রপুর বাজার ও রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ৯ মামলায় ৯ জনকে নগদ মোট ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেন। এছাড়া এ দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর বাজার ও আলীগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লকডাউনের বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি না মানাসহ মাস্ক পরিধান না করায় এই সংবাদ লেখা পর্যন্ত তিনি ১১ মামলায় ১১ জনকে নগদ মোট ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। করোনা সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান তারা।
০৫ জুলাই, ২০২১।
