তথ্য দিন, বিয়ের স্বাদ মিটিয়ে দেবো
………… ওসি আলমগীর হোসেন রনি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘এগিয়ে চলো মানবতার সেবায়’ শ্লোগান নিয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে, তা থেকে বিরত থাকার শপথ নিয়েছে হাজীগঞ্জের প্রায় একহাজার শিক্ষার্থী। গতকাল রোববার সকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের এ শপথ পাঠ করানো হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ সভা এবং তার প্রতিরোধে শিক্ষার্থীরা হাত উঁচিয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ ও দূর্ণীতিকে লাল কার্ড প্রদর্শন ও দেশপ্রেম, সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।
প্রতিরোধ সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি। তিনি তার বক্তব্যে বলেন, আজকের প্রজন্ম আগামি দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারী। তারাই সেই উন্নত দেশের নেতৃত্বে দিবে। এ জন্য তাদেরকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিসহ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে প্রতিরোধমূলক কার্যক্রমের বিকল্প নেই। আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। কোথাও অপরাধমূলক কার্যক্রম ঘটে থাকলে বা আশংকা দেখা দিলে সাথে সাথে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করতে হবে।
তথ্য দিন, বিয়ের স্বাদ মিটাই (পূরণ) দিবো উল্লেখ করে ছাত্রীদের উদ্দেশ্যে মো. আলমগীর হোসেন রনি বলেন, তুমি বা তোমরা কেউ ইভটিজিং বা বাল্যবিবাহের শিকার হলে আমাকে জানাবে অথবা ৯৯৯ নম্বরে ফোন দিবে। সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাল্যবিবাহের স্বাদ মিটাই দিবো। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুর রশিদ, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রিয় সভাপতি কাওসার আলম সোহেল, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয় ও চান্দিনা শাখার সভাপতি সৌরভ আহম্মেদ মাকসুদ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলস সিদ্দীকি, প্রেসক্লাব সদস্য খালেকুজ্জামান শামীম, এ.এস.এম কামরুজ্জামান টুটুল, মহিউদ্দিন আল আজাদ, এস.এম মিরাজ মুন্সী, লাল সবুজ সংঘের কচুয়া প্রতিনিধি বিজয় সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংঘের অন্যান্য নেতৃবৃন্দ।
