
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার সুজাতপুর বাজারে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।
সভাপতির বক্তব্যে ইউএনও এএম জহিরুল হায়াত বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকরা অনেক কষ্টে ধান উৎপাদন করেন। তাই কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেজন্য সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে তারা যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ইউএনও বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সরকারের একটি বিশেষ কার্যক্রম। এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কৃষকরা হলো জাতির প্রাণ। তাই সকলে মিলে কৃষকদের স্বার্থে কাজ করতে হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইয়ুব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক জিএম ফারুক, গোডাউন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সুলতানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম (স্বপন), সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াছুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন খাদ্য ডিলার প্রভাষক মোস্তফা কামাল, ব্যবসায়ী সাহাবুদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, কৃষক জাহাঙ্গীর আলমসহ কৃষকবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
চলতি আমন মৌসুমে মতলব উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১ হাজার ১শ’ ৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ২৬ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে। এজন্য ইতোমধ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
