হাজীগঞ্জ ব্যুরো
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপনের পঞ্চম দিনে হাজীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাছ চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় মাচ চাষের গুরুত্ব ও প্রয়োজনীতা, করণীয় এবং সরকারি বিধি-নিষেধসহ মৎস্য আইনের বিশদ আলোচনা উপস্থাপন ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহআলমের সভাপতিত্বে এবং ক্ষেত্র সহকারী মো. মাহবুবুর রহমানের পরিচালনায় এ আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. এয়াকুব আলী, ইমাম হোসেন, হাবিব উল্যাহ্, অমলন্দ শীল, রাধা রমন ভৌমিক, কালের কণ্ঠ ও চাঁদপুর কণ্ঠের উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, ইত্তেফাক ও চাঁদপুর প্রতিদিনের উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন শামীম এবং প্রতিদিনের সংবাদ ও ইল্শেপাড়ের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ (১৭-২৩ জুলাই) এর উদ্বোধন করা হয়। আজ ষষ্ঠ দিনে হাজীগঞ্জ বাজারে মৎস্য চাষ বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা এবং সপ্তম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ মূল্যায়ন সভা, সমাপনী অনুষ্ঠান ও সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
২২ জুলাই, ২০১৯।
