মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রি করতে এসে ১০ হাজার টাকা জরিমানা দিলো জুলহাস মিয়া ও মনির হোসেন নামের দু’জন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এসময় দুই মাংস বিক্রেতাকে সতর্ক ও উপস্থিত জনসাধারণকে সচেতন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানাপ্রাপ্ত দুই বিক্রেতা হলেন- হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে মো. জুলহাস মিয়া ও একই গ্রামের পাটওয়ারী বাড়ির সিরাজ পাটওয়ারীর ছেলে মনির হোসেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে জুলহাস মিয়া ও মনির হোসেন নিজ এলাকা থেকে শিয়ালটি ধরেন। এরপর রোববার সকালে শিয়ালটি জবাই করে মাংস বিক্রি করতে হাজীগঞ্জ বাজারে আসেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দীন ঘটনাস্থলে শিয়ালের মাংসসহ হাতে-নাতে জুলহাস মিয়া ও মনির হোসেনকে আটক করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংস বিক্রেতা জুলহাস মিয়া ও মনির হোসেনকে নগদ ৫ হাজার টাকা করে দুইজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ করেন। এরপর তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে তারা দুইজন মুক্তি পান। এসময় জব্দ করা শিয়ালের মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৪ নভেম্বর, ২০২২।
