
মোহাম্মদ হাবীব উল্যাহ্
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ সামাজিক অপরাধ দমনে সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চাইলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি। গত মঙ্গলবার রাতে হাজীগঞ্জ বাজারস্থ রজনীগন্ধা মার্কেটে উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি।
সভায় সংবাদকর্মীদের উদ্দেশে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ সামাজিক অপরাধ দমনে সচেতনতার বিকল্প নেই। এক্ষেত্রে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। তারপরও জনসচেতনতা ও জনসমর্থনে লক্ষ্যে এবং সর্বস্তরের জনগণের সম্পৃক্ততায় নিশ্চিতকরণে সংবাদকর্মীদের আরো বেশি সহযোগিতা কামনা করেন তিনি।
হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলী আশ্রাফ দুলাল, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, সদস্য এনায়েত মজুমদার, সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রেসক্লাব সদস্য মহিউদ্দিন আল আজাদের পরিচালনায় সভায় বক্তব্য শেষে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনির জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান এবং কেক কাটেন সংবাদকর্মীরা। এ সময় প্রেসক্লাব সদস্য আবু তাহের মেসবাহ, জহিরুল ইসলাম জয়, রেজাউল করিম নয়ন, উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
০৫ সেপ্টেম্বর, ২০১৯।
