মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে সিএনজিচালিত স্কুটারের সঙ্গে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দুই শিক্ষার্থী যাত্রী। সোমবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদ এলাকায় মজুমদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজির চালক মো. রুহুল আমিন (৫০) শাহরাস্তি উপজেলা টামটা দক্ষিণ ইউনিয়নের দোপল্লা গ্রামের শেখ বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে। আহত দুই যাত্রী হলেন- একই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে ফেরদৌসি আক্তার (১৬) ও মো. কামাল হোসেনের মেয়ে আনিকা আক্তার। তারা হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. মনিরুজ্জামান মনির বলেন, উপজেলা পরিষদের পূর্ব গেট সংলগ্ন এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লামুখী দ্রæতগামী প্রাইভেটকারটির (ঢাকা মেট্রো-ঘ-১৭-৬৪৮৮) চাকা পাংচার হয়ে চাঁদপুরমুখী সিএনজির (চাঁদপুর-থ-১১-২৯০১) সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান এবং ২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক মো. রুহুল আমিনকে মৃত ঘোষণা এবং গুরুতর আহত হওয়ায় যাত্রী ফেরদৌসি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর আহত যাত্রী আনিকা আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই মো. জায়েদ ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও সিএনজি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন এবং হাসপাতাল থেকে নিহতের চালকের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানা হেফাজতে নিয়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং আহতদের মধ্যে গুরুতর আহত একজনকে রেফার ও অন্যজনকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৩১ অক্টোবর, ২০২৩।
