হাজীগঞ্জে ১৫ দিনে ৪ ড্রেজার মেশিন জব্দ

আড়াই লাখ টাকা জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে আরো একটি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় ড্রেজার মালিক মো. ফরহাদ মজুমদারকে নগদ ৫০ হাজার টাকাও কৃষি জমির মালিক মর্জিনা আক্তার (৩১) কে নগদ ৫০ হাজার টাকাসহ দুই জনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানাপ্রাপ্তরা হলেন- ওই গ্রামের মজুমদার বাড়ির মো. মুনাব্বর মজুমদারের ছেলে ড্রেজার ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন মজুমদার ও কৃষি জমির মালিক একই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে মর্জিনা আক্তার।
এ নিয়ে গত ১৫ দিনে (১-১৫ জুলাই) হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পৃথক পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪টি ড্রেজার মেশিন জব্দ এবং নগদ মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী এই জরিমানা ও ডেজ্রার মেশিনগুলো জব্দ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগে এ দিন (বৃহস্পতিবার) বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় তিনি ড্রেজার মালিক ও জমির মালিককে নগদ ৫০ হাজার টাকা করে দুই জনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেন।
এর আগে গত বুধবার (১৪ জুলাই) দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গ্রামের মৃত মাহমুদুল হাসানের ছেলে ড্রেজার মালিক ও ব্যবসায়ী মো. আব্দুল্লাহ্ আল নোমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও জ্রেজার মেশিনটি জব্দ করেন তিনি।
গত ১৩ জুলাই বিকালে একই অপরাধে হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের হারুনুর রশিদের ছেলে ড্রেজারের মালিক খন্দকার আরিফকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিনটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
এছাড়া গত ৭ জুলাই বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজারের মালিক শরিফুল ইসলাম ও জমির মালিক মো. সেলিমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজার মেশিনটি জব্দ করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত লোকজনকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ ও নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

১৬ জুলাই, ২০২১।