মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. মোস্তফা কামাল (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (২৬ জুন) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
আটক মাদক কারাবারি হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাজহারুল হক।
এসময় মাদক কারবারি মো. মোস্তফা কামালের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
২৭ জুন, ২০২২।
