হাজীগঞ্জে ৪ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত ১২

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে শৈত্যপ্রবাহের ফলে ঘন-কুয়াশায় একদিনে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) হাজীগঞ্জ-কচুয়া সড়কে কাঁঠালি বাদামতলী এলাকায় বালুবাহী ট্রাক ও মাইক্রোবাসের (হাইস) মুখোমুখি সংঘর্ষ, পাতানিশে মোটরসাইকেল, হাজীগঞ্জ-রামপুর সড়কে অটোরিকশা এবং সেন্দ্রা-কামতা সড়কে সিএনজিচালিত স্কুটার উল্টে ১২জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকায় রেফার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘনকুয়াশার ফলে হাজীগঞ্জ-কচুয়া সড়কের উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ এলাকায় একটি দ্রুতগতির সিএনজিচালিত স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৫জন গুরুতর আহত হন। তারা হলেন- মো. আরাফাত হোসেন (১৭), হাবীবুর রহমান (২০), সালমা আক্তার (২৪), সিরাজুল ইসলাম বেপারী (৭০) ও রনি (৪৫)।
সকাল ৯টার দিকে হাজীগঞ্জ সদর ইউয়িনের হাজীগঞ্জ-মৈশাইদ থেকে রামপুর বাজারে যাওয়ার পথে একটি অটোরিকশা উল্টে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। বেলা ১১টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের কাঁঠালি-বাদামতলী এলাকায় বালুবাহী পিকআপ (মিনি ট্রাক) ও মাইক্রোবাসের (হাইস) মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৫ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন- শাহিন বেগম (৪৫), সালেহা বেগম (৬০), মো. খোকন (২২), ফাতেমা আক্তার (৫) ও সুলতানা রাজিয়া (৩৬)। এছাড়া উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা ও ফরিদগঞ্জের কামতা সড়কে কামতা এলাকায় একটি দ্রুতগামি সিএনজি উল্টে ২ জন গুরুতর আহত হয়। তারা হলেন- সাদ্দাম হোসেন (২৫) ও মফিজুল ইসলাম (২৫)। আহতরা সবাই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম বলেন, গতকাল মঙ্গলবার দুপুরের মধ্যে ৪টি দুর্ঘটনার ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘনকুয়াশার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে তিনি জানান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে বালুবাহী পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি থানা হেফাজতে রয়েছে।

১৭ জানুয়ারি, ২০২৪।