মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৫শ’ কেজি জাটকা জব্দের ঘটনায় আটক ২ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ ও আটক মোস্তফা গাজী ও জুয়েল মল্লিককে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন- চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকার গাজী বাড়ির মোহাম্মদ উল্যাহ গাজীর ছেলে মোস্তফা গাজী (২৬) ও পিকআপ চালক নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার সিয়ারচর এলাকার মৃত আব্দুল খালেক মল্লিকের ছেলে জুয়েল মল্লিক (৩০)।
এর আগে সোমবার দিবাগত রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড এলাকা থেকে পিকআপ (মিনি ট্রাক) ভর্তি জাটকা জব্দ এবং দু’জনকে আটক করে পুলিশ। নিষিদ্ধ সময়ে জাটকা পরিবহন করার অপরাধে মঙ্গলবার তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুক আহম্মদ একটি পিকআপকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় ড্রামে থাকা বিপুল পরিমাণ জাটকা দেখতে পেয়ে পিকআপ জব্দ ও দু’জনকে আটক করা হয়।
এরপর মঙ্গলবার দুপুরে উপজেলার ৮টি এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয় ও মৎস্য আইনের ৫ ধারায় আটক দু’জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়। জাটকা বিতরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তা শামছুল আলম পাটোয়ারী ও ক্ষেত্র সহকারী মুহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, জাটকাগুলো উপজেলার ৮টি এতিমখানায় দিয়ে দেয়া হয়েছে এবং আটকদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
২১ এপ্রিল, ২০২০।
