ফরিদগঞ্জে দেয়াল নির্মাণ করে ৮ পরিবারকে অবরুদ্ধ

পুলিশ ও গ্রাম আদালতের হস্তক্ষেপেও কাজ হয়নি

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে প্রতিবেশী প্রভাবশালীদের দেয়া পাকা দেয়ালে অবরুদ্ধ হয়ে ‘বন্দি জীবনযাপন’ করছে ৮টি পরিবার। স্থানীয় পুলিশ, প্রশাসন ও গ্রাম আদালতের হস্তেক্ষেপের পরও কিছুতেই দুর্ভোগ কাটছে না ভুক্তভোগীদের। দখলদারদের আচরণে ভুক্তভোগী পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছে।
সরজমিনে জানা যায়, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোঁয়া গ্রামের রাড়ী বাড়ির আব্দুর সাত্তার, মোতালেব হোসেন, ফজলুর রহমান, রুহুল আমিন, আবুল কালাম, সানাউল্লাহ ও মিজান হোসেনসহ ৮টি পরিবারের সদস্যদের যাতায়াতের পথটি বন্ধ করে দেন প্রতিবেশী গ্রামের ঝিনু পাটওয়ারী গংরা। বাড়িতে যাওয়া-আসার একমাত্র রাস্তাটি বন্ধ করে সেখানে ইটের পাকা দেয়াল তৈরি করেন ঝিনু পাটওয়ারী।
ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, রাস্তাটি আমাদের দীর্ঘদিনের যাতায়াতের পথ এবং জায়গা নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু কোনোরকম জানানো ছাড়াই পেশীশক্তি আর টাকার জোরে আমাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি সোমবার বন্ধ করে দেয়। বিকল্প পথ না থাকায় ভুক্তভোগী ৮টি পরিবারের মানুষ ঠিকমতো মসজিদ, মাদ্রাসা ও হাট-বাজারে যেতে পারছেন না।
এলাকাবাসী জানান, ঝিনু পাটওয়ারী গংরা সীমানা প্রাচীর নির্ধারণ করে পাকা দেয়াল নির্মাণ করেছেন। এতে কয়েকটি পরিবার যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। দু’দিকে পাকা দেয়াল নির্মাণ করায় বাড়ি বের হতে পারছেন না ওই ৮টি পরিবারের অর্ধ-শতাধিক সদস্য।
অভিযুক্ত ঝিনু পাটওয়ারী জানান, আমাদের জায়গায় আমরা দেয়াল নির্মাণ করছি, নিরাপত্তার জন্য। কারণ এরা আমাদের জায়গার উপর অত্যাচার করে এবং কিছু বললে আমাদের উপর হামলা করে।

২১ এপ্রিল, ২০২০।