হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ৬শ’ পিস ইয়াবাসহ রাজন প্রকাশ সিএনজি রাজন (৩০) ও রাশেদ ফকির (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন কংগাইশ এলাকা থেকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
আটকরা হল : হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের রান্ধুনিমূড়া এলাকার জলিল মিয়া বেপারী বাড়ির মৃত আবদুল লতিফের ছেলে রাজন প্রকাশ সিএনজি রাজন ও পৌর ৯নং ওয়ার্ডের কংগাইশ এলাকার ফকির বাড়ির আবদুল কাদের ফকিরের ছেলে রাশেদ ফকির। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনির নেতৃত্বে অংশ নেন থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মোশারফ হোসেন, এসআই মোহাম্মদ মাসুদ মুন্সী ও এএসআই মোজাম্মেল পৌরসভাধীন কংগাইশ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে কংগাইশ গ্রামের রাশেদ ফকিরের ভাড়া বাড়ি থেকে ৬শ পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোনসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিএনজি রাজন ও রাশেদ ফকিরকে হাতে-নাতে আটক করে পুলিশ। রোববার রাতেই আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হলে, আদালত জামিন নামঞ্জুর না করে জেলহাজতে পাঠায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই এ বিষয়ে পুলিশকে তথ্য দেয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। তথ্যদাতার নাম গোপন রাখা হবে।
৯ ডিসেম্বর, ২০২০।
